সিরাজগঞ্জ সদর উপজেলার বড় বয়ড়া নামক স্থানে যমুনা নদীতে বালুবোঝাই বলগেট ডুবে নিখোঁজ দুই শ্রমিকের মধ্যে ফয়সাল নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার দুপুরে নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে অপর নিখোঁজ শ্রমিক মোরশেদকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার বড় বয়ড়া এলাকায় যমুনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে এবং নিখোঁজ মোরশেদ নোয়াখালী জেলার মাইজদী উপজেলার আন্তারচর এলাকার লোকমান হোসেন মৃধার ছেলে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় যমুনা নদীতে বালুবোঝাই বলগেটটি ডুবে যাওয়ার সময় তাতে চারজন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে দুজন সাঁতরে উঠতে সক্ষম হলেও ফয়সাল ও মোরশেদ নিখোঁজ হন।