শুল্কমুক্ত মদ মজুদের অভিযোগ, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ওয়্যারহাউজ সিলগালা

অননুমোদিত ওয়্যারহাউজে বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকাধীন চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দারা এই পদক্ষেপ নেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)—এই তিন সংস্থার যৌথ অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওয়্যারহাউজগুলোতে মদ রাখার প্রাথমিক প্রমাণ মেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ওয়্যারহাউজগুলোতে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় সেখানে কাস্টমস ও বন্ড ব্যবস্থার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে পণ্য সংরক্ষণের সত্যতা পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে বড় ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় আমদানির উৎস, শুল্ক ফাঁকি এবং বন্ড সুবিধার অপব্যবহারের বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য ওয়্যারহাউজগুলো তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

০%
০%
০%
০%