রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে ১১ জন গ্রেফতার, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, গণউপদ্রবকারী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। শুক্রবার রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকা ও মানিকছড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মো. মানিক, মেহরাজ হোসেন, সাজ্জাদ হোসেন রনি, নজরুল ইসলাম, আব্দুল কাদের ওরফে আব্দুল্লাহ আল মনির ওরফে মায়া এবং অনন্ত চাকমাকে মাদক কারবারি হিসেবে গ্রেফতার করা হয়।

এছাড়া শহিদুল ইসলামকে একটি নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে এবং মো. ইকবাল হোসেন টিপুকে জিআর সাজা পরোয়ানা ও জিআর পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে মো. সাগর ও আছিয়া আক্তার ওরফে আদুরী ওরফে লামিয়াকে গণউপদ্রবকারী হিসেবে গ্রেফতার করা হয়।

রাঙ্গামাটি কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে কয়েকজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং অন্যদেরও বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

০%
০%
০%
০%