বিনিয়োগ সহজ করতে ওয়ান স্টপ উইন্ডো ও দ্রুত লাইসেন্সিং ব্যবস্থা চালু করছে সরকার

দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং ব্যবসায়িক জটিলতা নিরসনে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সমন্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার সকালে রাজধানীর বাণিজ্য মন্ত্রণালয়ে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এ তথ্য জানান। বিনিয়োগকারীদের হয়রানি কমাতে এবং কার্যক্রম ত্বরান্বিত করতে সরকার এখন কেন্দ্রীয় অনলাইনভিত্তিক ‘ওয়ান-স্টপ উইন্ডো’ ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।

বিজ্ঞাপন

বিনিয়োগপ্রক্রিয়া যেন দীর্ঘসূত্রতায় আটকে না পড়ে, সেজন্য প্রাথমিক পর্যায়ে অস্থায়ী লাইসেন্স প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া এবং মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের উপস্থিতিতে মন্ত্রী জানান, বিনিয়োগকারীরা যাতে দপ্তর থেকে দপ্তরে না ঘুরে দ্রুত কার্যক্রম শুরু করতে পারেন, সেটিই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তবে তিনি স্পষ্ট করেছেন যে, শিল্পকারখানা বা ভৌত অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে অগ্নিনিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি হওয়ায় সব অনুমোদন ১৫ দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব হয় না।

অনুমোদনপ্রক্রিয়ার সময়সীমা কমিয়ে আনার রূপরেখা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, প্রতিটি খাতের প্রয়োজনীয় নথিপত্র ও আইনি চাহিদা ভিন্ন হওয়ায় সরকার এখন খাতভিত্তিক লাইসেন্সিং প্রক্রিয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে কারখানা পরিদর্শনব্যবস্থাকে সমন্বয় করা হচ্ছে, যাতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা একত্রে পরিদর্শনে যান এবং বিনিয়োগকারীদের অহেতুক বিড়ম্বনা থেকে মুক্তি মেলে।

জ্বালানিনির্ভরতা কমিয়ে টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকার বৈদ্যুতিক ও হাইব্রিড যানবাহনকে উৎসাহিত করছে। বাণিজ্যমন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানিসংকটের ঝুঁকি বিবেচনায় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ প্লাগ-ইন হাইব্রিড গাড়ির ব্যবহারকে আপাতত অগ্রাধিকার দিচ্ছে। এ সময় তিনি জাপানকে দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আখ্যায়িত করে জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%