ডাকাতির ধকল কাটিয়ে উৎপাদনে ফিরল বিডি থাই ফুড নতুন ব্যবসায়িক কৌশলে লক্ষ্য এখন শতভাগ সক্ষমতা অর্জন

টানা তিনবার ভয়াবহ ডাকাতির কবলে পড়ে উৎপাদন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ার পর অবশেষে ঘুরে দাঁড়ানোর পথে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে কারখানাটি পুনরায় উৎপাদনে ফিরেছে এবং সেই সঙ্গে সক্ষমতার শতভাগ ব্যবহারের লক্ষ্যে নতুন বাণিজ্যিক কৌশল গ্রহণ করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই উদ্যোগে কোম্পানিটি দেশের দুটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিভিত্তিক পণ্য উৎপাদনের পথে হাঁটছে।

বিজ্ঞাপন

চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সবশেষ ডাকাতির ঘটনায় বিডি থাই ফুডের সাবস্টেশন, জেনারেটর এবং মূল্যবান কেব্‌লসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি লুট হয়ে যায়, যার ফলে কারখানাটি পুরোপুরি অচল হয়ে পড়েছিল। সংকট মোকাবিলায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বড় অঙ্কের মূলধন বিনিয়োগের মাধ্যমে নতুন সাবস্টেশন ও প্রয়োজনীয় বিদ্যুৎ অবকাঠামো পুনঃস্থাপন করেছে। দীর্ঘ সংস্কার কার্যক্রম শেষে কারখানার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল হওয়ার পাশাপাশি বর্তমানে উৎপাদন স্বাভাবিক পর্যায়ে ফিরেছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

কারখানার উৎপাদনক্ষমতার পূর্ণ ব্যবহারের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির কৌশল হিসেবে বিডি থাই ফুড ইতিমধ্যে সজীব গ্রুপ ও এভারগ্রিন বেভারেজ লিমিটেডের সঙ্গে পৃথক দুটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বিডি থাই ফুডের কারখানায় সজীব গ্রুপের কোমল পানীয় ব্র্যান্ড ‘উইংস’ এবং এভারগ্রিন বেভারেজের ‘সানক্রেস্ট’ উৎপাদিত হবে। বিনিময়ে কোম্পানি দুটি নির্ধারিত হারে ম্যানুফ্যাকচারিং চার্জ বা উৎপাদন খরচ বিডি থাই ফুডকে প্রদান করবে।

নতুন এই অংশীদারিত্বের ফলে বিডি থাই ফুডের কোমল পানীয় উৎপাদন লাইনের ৭০ শতাংশ সক্ষমতা এই দুই ব্র্যান্ডের উৎপাদনে নিয়োজিত থাকবে। অবশিষ্ট ৩০ শতাংশ সক্ষমতা কোম্পানিটি তাদের নিজস্ব ব্র্যান্ড ‘নেকটার’ উৎপাদনের কাজে ব্যবহার করবে। পরিচালনা পর্ষদের প্রত্যাশা, এর মাধ্যমে কারখানার উৎপাদন লাইনের শতভাগ সক্ষমতা নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

এই বাণিজ্যিক চুক্তির মাধ্যমে প্রাপ্ত আয় কারখানার পরিচালনা ব্যয়, বিদ্যুৎ-গ্যাস বিল এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। কোম্পানিটির নীতিনির্ধারকদের ভাষ্যমতে, এই কৌশলী উদ্যোগ ভবিষ্যতে মুনাফার হার বাড়িয়ে শেয়ারহোল্ডারদের বিনিয়োগের স্বার্থ সুরক্ষিত করতে কার্যকর ভূমিকা পালন করবে।

0%
0%
0%
0%