গোসাইরহাটে ভয়াবহ ডাকাতি: নারীসহ দুইজন আহত, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক বাড়িতে সংঘটিত ভয়াবহ ডাকাতির ঘটনায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণ-রুপার অলংকার লুট করে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

২৫ ডিসেম্বর দিবাগত রাত পোনে ১১টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পূর্ব মাছুয়াখালী গ্রামের আলতাফ তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা ছুরি ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখিয়ে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় আলতাফ তালুকদারকে রশি দিয়ে বেঁধে রাখা হয়।

ডাকাতরা ঘরে ঢুকেই আলতাফ তালুকদারের স্ত্রী সাফিয়া বেগমকে (৫০) ছুরিকাঘাত করে এবং লোহার রড দিয়ে মাথা ও হাতে আঘাত করে। পরিবারের সদস্যদের চিৎকারে তাদের ছেলে ঘুম থেকে উঠে পড়লে তাকেও মারধর করা হয়। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে রাখা হয়।

বিজ্ঞাপন

ডাকাতরা ঘর তছনছ করে নগদ ৪৪ হাজার টাকা, একটি স্বর্ণের কানের রিং, আড়াই ভরি রুপার চেইন ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

ডাকাতদের হামলায় আলতাফ তালুকদার ও সাফিয়া বেগম আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। সাফিয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) মো. শামসুল আরেফীন এবং গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পর্কিত- ডাকাতি
0%
0%
0%
0%