বঙ্গোপসাগরে চারদিন ভাসমান ট্রলার উদ্ধার, ১৫ জেলেকে জীবিত ফিরিয়ে আনল নৌবাহিনী

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চারদিন ধরে দিকভ্রান্ত অবস্থায় ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বিজ্ঞাপন

আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রসীমার সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় শনাক্ত করে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা গভীর সমুদ্রে দিকভ্রান্ত হয়ে পড়েন। টানা কয়েকদিন ভাসমান অবস্থায় থাকতে থাকতে তাদের খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

বিজ্ঞাপন

নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিন-এ নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। পরে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা, দক্ষতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

0%
0%
0%
0%