শরীয়তপুরে পরিত্যক্ত টিনশেড মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ লাখ টাকা

শরীয়তপুরের আলাওলপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত টিনশেড মাদ্রাসা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ড. হায়দার আলী মুন্সির কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিনের তৈরি ঘরটি আগে মারকাতুজ তাকওয়া মহিলা মাদ্রাসার বিভিন্ন কার্যক্রমে ব্যবহার করা হতো। তবে কিছুদিন ধরে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। হঠাৎ ঘরের এক কোণা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে যায়।
এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসার প্রধান মাহবুবুর রহমান বলেন, “অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
গোসাইরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। তাদের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।