শক্তিশালী ভূমিকম্পে সারাদেশে নিস্তব্ধতা: নিহত ৬, আহত দুই শতাধিক

রাজধানী ঢাকাসহ সারাদেশে সকাল সাড়ে ১০টার দিকে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে ১ জন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ভূমিকম্পে বহু ভবন, দোকানপাট ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে, বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

বিজ্ঞাপন

৫.৭ মাত্রার ভূমিকম্পে দুলে ওঠে দেশ

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। কম সময় স্থায়ী হলেও এর তীব্রতায় রাজধানীসহ বিভিন্ন জেলার বহু ভবন দুলতে থাকে। হঠাৎ কম্পনে আতঙ্কিত মানুষ ভবন থেকে নিচে নেমে আসে।

ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা, রাজশাহী, কুড়িগ্রাম, সিলেট, ফেনী, মাদারীপুর, ঝালকাঠি, দিনাজপুরসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়েই ভূকম্পন অনুভূত হয়। ভারতের কিছু অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

২০৮ জন চিকিৎসা নিয়েছেন, সংখ্যা বাড়ছে

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পে আহত হয়ে এখন পর্যন্ত ২০৮ জন চিকিৎসা নিয়েছেন। হাসপাতালগুলোতে জরুরি বার্তা পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও আশপাশের জেলাগুলোর হাসপাতালে আহত রোগীর চাপ বাড়ছে। সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।


ঢাকায় রেলিং ভেঙে নিহত ৩

রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন।
ভিডিও ফুটেজে দেখা যায়—রেলিং ভেঙে রক্তাক্ত অবস্থায় তিনজন পথচারী রাস্তার ওপর পড়ে আছেন এবং আশপাশের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করছেন।

এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় অসংখ্য ভবনে ফাটল দেখা গেছে।


নরসিংদীতে সানশেড ভেঙে পড়ে নিহত ২

নরসিংদীর সদর উপজেলার গাবতলি এলাকায় ভূমিকম্পের সময় বাড়ির সানশেড ভেঙে পড়ে মৃত্যু হয়েছে ওমর নামের এক শিশুসহ ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের।

ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন তিন সন্তানকে নিয়ে বাসা থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই সানশেডটি ভেঙে পড়ে তাদের ওপর।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বাবা-ছেলেকে ঢামেকে আনা হলে চিকিৎসকেরা শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুর দুই বোন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন।


নারায়ণগঞ্জে দেয়াল চাপায় এক শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামের এক বছরের শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হন। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভূমিকম্প শুরু হলে কুলসুম বেগম মেয়েকে নিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে টিনশেড বাড়িটির দেয়াল ধসে পড়লে তারা চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেন।


সম্পর্কিত- ভূমিকম্প
0%
0%
0%
0%