গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে বৈরী আবহাওয়ায় ধানের ব্যাপক ক্ষতির শঙ্কা, দিশেহারা কৃষক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটে বৈরী আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির শঙ্কা; ধারদেনা করে চাষ করা কৃষকদের মাথায় চিন্তার ভাজ।

মাঠে মাঠে এখন পাকার অপেক্ষায় দুলছিল স্বপ্নের ধান। অথচ অসময়ের বৈরী আবহাওয়া সেই সোনালি স্বপ্নকে বিষাদে রূপ দেওয়ার উপক্রম করেছে। চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর  , নাচোল ও ভোলাহাটে বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাবে ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় চোখে ঘুম নেই বরেন্দ্র অঞ্চলের হাজারো কৃষকের। সারা বছরের হাড়ভাঙা খাটুনি আর জমানো পুঁজি হারিয়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে তাঁদের।

ঋণের বোঝা ও খরচের দুশ্চিন্তা

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে জমিতে সার, বীজ ও সেচ দিয়েছিলেন তাঁরা। তবে ধান পাকার ঠিক মুখে হঠাৎ আবহাওয়ার বিরূপ আচরণ সব হিসেব-নিকাশ ওলটপালট করে দিয়েছে। বাতাসে ও বৃষ্টিতে জমির ধান ঢলে পড়ায় এবং শীষ নষ্ট হওয়ায় ফলন মারাত্মকভাবে কমে যাওয়ার ভয় করছেন তাঁরা।

গোমস্তাপুরের একাধিক প্রান্তিক চাষি জানান, ধান চাষে বীজ কেনা থেকে শুরু করে জমি প্রস্তুত, কীটনাশক প্রয়োগ আর সেচেই খরচের সিংহভাগ চলে যায়। এর ওপর রয়েছে চড়া দামের শ্রমিক খরচ। বৈরী আবহাওয়ার কারণে ফসল ঘরে তোলার আগেই যদি এমন বিপর্যয় ঘটে, তবে মূল খরচ তো দূরের কথা, জীবনধারণ করাই কঠিন হয়ে পড়বে।

হতাশাগ্রস্ত কৃষকদের স্পষ্ট বক্তব্য—মাঠে মাঠে এখন শুধু লোকসানের সুর। যাঁদের একমাত্র সম্বল এই ধান, তাঁরা ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ব্যাংক ও মহাজনের ঋণের কিস্তি কীভাবে শোধ হবে, তা ভেবেই কূল পাচ্ছেন না অনেকে। এ অবস্থায় তাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

সরকারি সহায়তার আকুল আকুতি

পরিস্থিতির ভয়াবহতা বিচারে ভুক্তভোগী কৃষকেরা অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মাঠপর্যায়ে কৃষি সরকারি তদারকির জোর দাবি জানিয়েছেন। তাঁদের মতে, কৃষি বিভাগের কর্মকর্তারা দ্রুত সরেজমিনে এসে প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ না করলে এবং জরুরি পরামর্শ না দিলে এ ক্ষতি সামলে ওঠা সম্ভব হবে না।

একই সঙ্গে চরম সংকটে পড়া এসব প্রান্তিক ও বর্গাচাষীদের রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় কৃষি সহায়তা, প্রণোদনা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাটের কৃষক সমাজ।

০%
০%
০%
০%