সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রাজিবুল হাসান রাজীব। বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি এই দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
রোববার (২২ নভেম্বর) রাজিবুল হাসান রাজীব দলীয় জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এই মনোনয়ন ফরম তোলেন। এ সময় তাঁর সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মাহমুদ টুকুর একান্ত সহকারী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস উপস্থিত থেকে সমর্থন জানান। রাজীবের ফরম সংগ্রহের মধ্য দিয়ে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপিতে নতুন গতিশীলতা ও আলোচনার সঞ্চার হয়েছে।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় সিরাজগঞ্জ জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন শানু, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম শেখ এবং সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব বাবলু হোসেন।
এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ঝন্টু, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন শেখ ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস শেখ এবং ১ নম্বর ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি টগর ইসলাম। দলীয় এই ব্যাপক উপস্থিতি ইউনিয়ন ছাড়িয়ে জেলাভিত্তিক রাজনৈতিক অঙ্গনেও আলোড়ন তুলেছে।
ছাত্রনেতা রাজিবুল হাসান রাজীব জানান, মাঠপর্যায়ের নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে পাশে থাকতেই তিনি প্রার্থী হতে চান। তরুণ নেতৃত্বের হাত ধরে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবা নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। তৃণমূল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার প্রবীণ মুরব্বিরা তাঁর এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন।
মনোনয়ন সংগ্রহের পর রাজীবের প্রার্থিতা ঘিরে ভদ্রঘাট ইউনিয়নের রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ শুরু হয়েছে। রাজীব আশাবাদী, দল তাঁর ত্যাগ ও তরুণ জনপ্রিয়তার মূল্যায়ন করে তাঁকে চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নেবে। আপাতত তিনি দলীয় হাইকমান্ডের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার সিদ্ধান্তের দিকে মুখিয়ে আছেন।