তিন মন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি সহায়তা চেয়ে সরকারের তিন মন্ত্রীর কাউকেই ফোনে পাননি বলে জাতীয় সংসদে ক্ষোভ ও উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে দ্বিতীয় দফায় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর স্পিকারের আসনে বসে নিজের এই অপ্রীতিকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

ঘটনার বিবরণ দিয়ে ডেপুটি স্পিকার জানান, ওই দিন রাত ১টা ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে এক সংসদ সদস্য ফোন করে তাকে অগ্নিকাণ্ডের বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে থাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে তাকে ফোনে না পেয়ে তিনি আইনমন্ত্রীকে কল করেন। কিন্তু আইনমন্ত্রীর সঙ্গেও কোনো যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

জরুরি এই পরিস্থিতিতে প্রচেষ্টার পরিধি বাড়িয়ে রাত ২টার দিকে জ্বালানি প্রতিমন্ত্রীকেও ফোন করেন ডেপুটি স্পিকার। কিন্তু দীর্ঘ চেষ্টার পরও তার সাড়া পাওয়া যায়নি বলে সংসদকে জানান তিনি। সংকটময় মুহূর্তে সরকারের তিনজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর কাউকেই ফোনে না পাওয়ার বিষয়টি গভীর উদ্বেগের বলে মন্তব্য করেন তিনি।

কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে বা দেশের যেকোনো স্থানে এ ধরনের দুর্ঘটনা সমগ্র জাতির জন্যই উদ্বেগজনক এবং তা সবার ওপর গভীর প্রভাব ফেলে। তবে এই অনভিপ্রেত ঘটনার গুরুত্ব বিবেচনায় জাতীয় সংসদে এ বিষয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্টরা নিজেদের বক্তব্য তুলে ধরার সুযোগ পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার জানান, কুষ্টিয়ার এই অগ্নিকাণ্ডের ঘটনা বর্তমানে তদন্তাধীন রয়েছে। তাই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন বা ফলাফল না আসা পর্যন্ত কোনো রকম আগাম সিদ্ধান্তে উপনীত না হয়ে ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। তদন্ত সম্পন্ন হলেই কেবল এই নাশকতার নেপথ্যে থাকা প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

০%
০%
০%
০%