পাল্টাপাল্টি পদক্ষেপ: আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

আর্জেন্টিনার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তবে আর্জেন্টিনার স্থলবাহিনীকে এই তালিকার আওতায় আনা হয়নি।

বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, পারস্পরিক পদক্ষেপের নীতির ভিত্তিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করছে তেহরান। একই সঙ্গে এ সিদ্ধান্তের ফলে সৃষ্ট সব ধরনের পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে বলে সতর্ক করেছে দেশটি।

ইরানের এ ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে আর্জেন্টিনা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা ইরানের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগ হিসেবে প্রত্যাখ্যান করছে।

ইরান ও আর্জেন্টিনার মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের বিরোধ। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ইহুদি সম্প্রদায়ের এএমআইএ (AMIA) কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলার ঘটনায় ৮৫ জন নিহত এবং কয়েক শতাধিক মানুষ আহত হন। ওই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে দায়ী করে আসছে আর্জেন্টিনা।

গত ৩১ মার্চ আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের কার্যালয় আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দেয়। সে সময় প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, তিন দশকেরও বেশি সময় ধরে হামলার শিকার ব্যক্তিদের পরিবারের কাছে যে ঐতিহাসিক দায় রয়ে গেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে তা পূরণের আশা করছেন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, আর্জেন্টিনাকে পশ্চিমা সভ্যতার সঙ্গে পুনরায় ঘনিষ্ঠভাবে যুক্ত করতে এবং দেশটির বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলোর মোকাবিলায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্লেষকদের মতে, আর্জেন্টিনার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার প্রচেষ্টার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর আন্তর্জাতিক মিত্রদেরও নিজেদের অবস্থানের পক্ষে টানার চেষ্টা করছে দেশ দুটি।

লাতিন আমেরিকার অনেক দেশ আন্তর্জাতিক সংঘাতের বিষয়ে সরাসরি পক্ষ নেওয়া থেকে বিরত থাকলেও প্রেসিডেন্ট মিলেই প্রকাশ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে আসছেন। তাঁর পররাষ্ট্রনীতির কারণে ব্রাজিলসহ ওই অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গেও আর্জেন্টিনার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

এদিকে যুক্তরাজ্যের সঙ্গে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়েও নতুন করে বিরোধ সামনে এনেছেন মিলেই। আর্জেন্টিনা দ্বীপপুঞ্জটিকে ‘লাস মালভিনাস’ নামে অভিহিত করে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে।ইরান ও আর্জেন্টিনার সাম্প্রতিক পাল্টাপাল্টি ঘোষণায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


০%
০%
০%
০%