প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর প্রায় পাঁচ বছরের দাম্পত্য জীবন। সংসারে রয়েছে তিন বছরের একটি কন্যাসন্তান। কিন্তু পারিবারিক বিরোধে আলাদা হয়ে গেছেন স্বামী-স্ত্রী। স্ত্রী বাবার বাড়িতে চলে গিয়ে স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা করেছেন বলে জানা গেছে। অন্যদিকে, স্ত্রীর বিরুদ্ধে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন স্বামী। দুই পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরে দ্রুত বিরোধের সমাধান চান।
স্বামী মো. বিল্লাল খান (২৬) ও স্ত্রী সুইটি (২২)। দুজনেরই বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায়। বিয়ের পর তাঁরা ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করছিলেন।
বিল্লালের ভাষ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে প্রায় দুই মাস আগে সুইটি তাঁদের তিন বছরের মেয়েকে নিয়ে তাঁকে না জানিয়ে বাবার বাড়িতে চলে যান। এর আগে গত ১৯ আগস্ট ২০২৬ সকালে বিল্লাল কর্মস্থলে থাকা অবস্থায় সুইটির বড় বোন নাছরিনসহ আরও একজন তাঁদের বাসায় যান। পরে সুইটিকে মেয়েসহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় বাসা থেকে তাঁর ছোট বোনের প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ২২ আগস্ট ঢাকার কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বিল্লাল। এতে সুইটির পাশাপাশি তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও স্ত্রী ও সন্তানকে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া এবং বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, বিল্লালের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে শরীয়তপুর আদালতে মামলা করেছেন সুইটি বলে জানা গেছে। স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না বলেও জানিয়েছেন তিনি।গত ১০ নভেম্বর বিকেল ৩টার দিকে সুইটির বাবার বাড়িতে গিয়ে তাঁর বক্তব্য জানতে চান সাংবাদিকেরা। তবে অডিও বা ভিডিও ধারণ করে বক্তব্য দিতে রাজি হননি তিনি। রেকর্ডিং না করার শর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুইটি।
এ সময় স্বামীর পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সুইটি বলেন, ‘আমি যদি অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্কে জড়িত থাকতাম, তাহলে কি এখন বাবার বাড়িতে থাকতাম? আমি তাঁর সঙ্গে আর সংসার করতে চাই না।’
সুইটির অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য বিল্লাল তাঁর কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেছিলেন। এ কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তবে বিল্লালের মা কিংবা ভাইবোনেরা কখনো তাঁর সঙ্গে খারাপ আচরণ করেননি বলে জানান তিনি। এ ঘটনায় স্বামীর পরিবারের অন্য সদস্যদের কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন সুইটি।
অন্যদিকে, মুঠোফোনে বিল্লাল বলেন, সুইটি কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি বুঝতে পারছেন না। তাঁর তিন বছরের মেয়েকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ায় তিনি উদ্বিগ্ন। যৌতুক দাবির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, কখনোই স্ত্রীর কাছে যৌতুক চাননি। তাঁকে ও তাঁর অসুস্থ মাকে হয়রানি করতে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমানে ওই মামলায় আসামি হওয়ায় তিনি পলাতক রয়েছেন বলেও জানান বিল্লাল।
বিল্লালের ভাষ্য, তিনি বিরোধের দ্রুত ও সুষ্ঠু সমাধান চান। অন্যদিকে, সুইটিও স্বামীর সঙ্গে আর সংসার করতে আগ্রহী নন বলে জানিয়েছেন।দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে তাঁদের দাম্পত্য সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে বাবা-মায়ের বিরোধের প্রভাব পড়ছে তিন বছরের শিশুকন্যার জীবনেও।