পঞ্চগড়ে এক লাফে তাপমাত্রা নামল ১৫ ডিগ্রির ঘরে শীতের আমেজ শুরু

হিমালয়ের পাদদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা, যা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে। হালকা কুয়াশা, উত্তরের হিমেল বাতাস আর সন্ধ্যার পর থেকে বাড়তে থাকা কনকনে ঠান্ডায় জনজীবনে শীতের আমেজ স্পষ্টভাবে অনুভূত হতে শুরু করেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যেখানে এর আগের দিন বুধবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং এর পাশাপাশি বুধবার রাতে এলাকায় ৮ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়।

সকালে জেলার বিভিন্ন গ্রামীণ ও জনবহুল এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে উঁকি দিচ্ছে সূর্যের আলো। তবে ভোর থেকেই জীবিকার তাগিদে কাজের সন্ধানে বেরিয়ে পড়া দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালক এবং কৃষকদের দৈনন্দিন কার্যক্রমে শীতের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে সকালবেলার ঠান্ডা বাতাসে শ্রমজীবী মানুষকে কিছুটা বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা রোদের তেজ থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই কনকনে ঠান্ডা অনুভূত হতে শুরু করে। বিশেষ করে রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত উত্তরের হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশ বেড়ে যায়। এ সময় ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে অনেককেই কাঁথা বা হালকা চাদর গায়ে জড়িয়ে রাত কাটাতে দেখা গেছে।

ভৌগোলিক অবস্থানের কারণে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতাঞ্চলের কাছাকাছি থাকায় দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় পঞ্চগড়ে শীতের আগমন ঘটে একটু আগেভাগেই। সাধারণত অক্টোবর মাসের শেষভাগ থেকেই এ অঞ্চলে শীতের আমেজ শুরু হয় এবং নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত এর তীব্রতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এদিকে তাপমাত্রার এই পরিবর্তনের সাথে সাথে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও নিউমোনিয়ার মতো শীতজনিত বিভিন্ন অসুস্থতার ঝুঁকিও দেখা দিচ্ছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার নিকটবর্তী অবস্থানের কারণে উত্তরের হিমেল বাতাস ও হালকা কুয়াশার প্রভাবে তেঁতুলিয়ার তাপমাত্রা দ্রুত কমতে শুরু করেছে। বৃহস্পতিবার রেকর্ডকৃত ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ, যা আগামী দিনে শীতের অনুভূতি আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

০%
০%
০%
০%