রাঙ্গামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত, চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনের আহ্বান


রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাঙ্গামাটি শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় ‘জুম্ম স্বার্থপরিপন্থী ও চুক্তিবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করি’ প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্মরণসভার আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি প্রভাতফেরি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোলপাম্প পর্যন্ত গিয়ে পুনরায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন কালোব্যাজ ধারণ করেন এবং এমএন লারমার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এতে আনুমানিক ১ হাজার ৮০০ থেকে ২ হাজার মানুষ অংশ নেন।

স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে জেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উষাতন তালুকদার বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ যুগে যুগে বেঁচে থাকবে। তাঁর দেখানো পথ অনুসরণ করে নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এগিয়ে নিতে হবে। জুম্ম জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ আন্দোলনের জয় হবে।

ধর্মীয় প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম পালন করতে নিষেধ করা হচ্ছে না। তবে ধর্মীয় কার্যক্রমের নামে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

সভাপতির বক্তব্যে গুনেন্দু বিকাশ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতা কীভাবে সৃষ্টি হয়েছে, তা বুঝতে হলে অতীতের রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করতে হবে। মানবেন্দ্র নারায়ণ লারমা ব্যক্তি ও পারিবারিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জুম্ম জনগণের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।

তিনি আরও বলেন, ক্ষমতার উচ্চাকাঙ্ক্ষা ও অর্থের লোভ সংগঠনের ঐক্য বিনষ্ট করে। অতীতেও এ ধরনের কারণে সংগঠনে ভাঙন সৃষ্টি হয়েছে। এমএন লারমা যে ঐক্যের ডাক দিয়েছিলেন, তা ধারণ করে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, চুক্তি সম্পাদন করা যতটা কঠিন, বাস্তবায়ন করা তার চেয়েও কঠিন। চুক্তির ধারা-উপধারা কোনো পক্ষ লঙ্ঘন করতে পারে না। চুক্তি লঙ্ঘিত হলে দেশি-বিদেশি স্বাক্ষরকারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর হস্তক্ষেপ কামনা করতে হবে।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে পাহাড়ের মানুষের অধিকার ও ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। এ সময় তিনি জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংগঠনকে শক্তিশালী করতে তিনভাবে সহযোগিতার আহ্বান জানিয়ে গুনেন্দু বিকাশ চাকমা বলেন, সংগঠনের সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্ত করা, কমিটিতে না থেকেও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেওয়া এবং আর্থিকভাবে সহযোগিতা করার মাধ্যমে সবাই আন্দোলনে ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় আরও বক্তব্য দেন বিশিষ্ট লেখক শ্রী শিশির কান্তি চাকমা ও জেলা মহিলা সমিতির নেত্রী রিনা চাকমা। স্বাগত বক্তব্য দেন জনসংহতি সমিতির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক জুয়েল চাকমা।

সাগর ত্রিপুরা নান্টু ও কবিতা চাকমার যৌথ সঞ্চালনায় এবং গুনেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভাটি দুপুর ১টা ২১ মিনিটে শেষ হয়।

০%
০%
০%
০%