সৃজলাকে জীতুর প্রেম নিবেদন প্রসঙ্গে মুখ খুললেন চর্চিত প্রেমিক শন বন্দ্যোপাধ্যায়

বিগ বসের ঘরে জীতু কমলের প্রোপোজ এবং সৃজলা গুহকে নিয়ে চলা চর্চায় মুখ খুললেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়

‘বিগ বস বাংলা’র ঘরে এবার নতুন করে আলোচনায় অভিনেতা জীতু কমল ও সৃজলা গুহর সম্পর্কের সমীকরণ। প্রতিযোগী রাজবীর ও নন্দিনীর প্রেমের আলোচনায় আপাতত বিরতি পড়লেও নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছেন জীতু ও সৃজলা। সম্প্রতি সৃজলাকে ভালোবাসার কথা জানিয়েছেন জীতু। শুধু মুখে নয়, চিঠিতেও লিখেছেন ‘আই লাভ ইউ’। তাঁর এই প্রস্তাবের পর সৃজলার প্রতিক্রিয়া নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে নানা আলোচনা।

সৃজলা জীতুর প্রস্তাবে সরাসরি সম্মতি জানিয়েছেন কি না, তা নিয়ে দর্শকদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করছেন, সৃজলা ইতিমধ্যেই জীতুকে প্রত্যাখ্যান করেছেন। আবার কারও ধারণা, এখনো কোনো চূড়ান্ত উত্তর না দিয়ে বিষয়টি ঝুলিয়ে রেখেছেন তিনি।

এবার জীতুর এই প্রস্তাব নিয়ে মুখ খুলেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়। ‘বিগ বস বাংলা’র ঘরে তাঁরও প্রবেশের কথা ছিল। তবে অনুষ্ঠানের প্রিমিয়ারের নাচের শুটিংয়ের সময় পায়ে চোট পাওয়ায় শেষ পর্যন্ত আর প্রতিযোগী হিসেবে যোগ দেওয়া হয়নি তাঁর।

সৃজলা গুহর সঙ্গে শনের সম্পর্ক নিয়েও টালিউডে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। ‘মন ফাগুন’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই কখনো প্রকাশ্যে স্পষ্ট করে কিছু জানাননি।

জীতুর প্রস্তাব প্রসঙ্গে শনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা একটা গেম শো। সেখান থেকে বেরিয়ে এসে কী হবে, তা সময় বলবে। এখনই এই নিয়ে মন্তব্য করার সময় আসেনি।’

অন্যদিকে, ‘বিগ বস বাংলা’র ঘরে শেষ মুহূর্তে প্রবেশ করতে না পারাকে এখন নিজের জন্য ভালো বলেই মনে করছেন শন। তাঁর ভাষায়, ‘বিগ বসের ঘরে যা ঘটছে, তা দেখে মনে হচ্ছে আমার ওখানে না গিয়ে আখেরে ভালোই হয়েছে। কারণ ওই ঘরে যেসব ঘটনা ঘটছে, তা আমার চরিত্রের সঙ্গে যায় না।’

উল্লেখ্য, বিগ বসের ঘরে শনের পছন্দের প্রতিযোগী হিসেবে সৃজলার নাম উঠে আসেনি। বরং সৃজলার সঙ্গে আলোচনায় থাকা রাজবীরকেই তাঁর পছন্দের প্রতিযোগী বলে জানা গেছে।

পায়ে চোট পাওয়ার পর শনের অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে ক্রাচের সাহায্যে চলাফেরা করছেন তিনি। তবে শিগগিরই আবার কাজে ফেরার ইঙ্গিত দিয়েছেন অভিনেতা।

২০১৮ সালে স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে নবাব সিরাজ-উদ-দৌলার চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ছোটপর্দায় অভিষেক হয় শনের। পরে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে চিকিৎসক উজান চ্যাটার্জি এবং ‘মন ফাগুন’ ধারাবাহিকে ঋষিরাজ সেনের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে জনপ্রিয়তা পান তিনি।

০%
০%
০%
০%