ডামুড্যা বাজারে ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধে ভোগান্তিতে পথচারীরা

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ডামুড্যা বাজারে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতায় দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। বাজারের বিভিন্ন স্থানে ড্রেন ভাঙা, ময়লা জমে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া এবং বাজারের পাশেই পৌরসভার বর্জ্য ফেলার কারণে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।

সরেজমিনে দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে ড্রেনের অংশবিশেষ ভাঙা অবস্থায় রয়েছে। কোথাও ময়লা-আবর্জনা জমে পানি নিষ্কাশনের পথ আটকে গেছে। দীর্ঘ সময় ধরে নোংরা পানি জমে থাকায় আশপাশের পরিবেশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশার বংশবিস্তারের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষ করে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল হওয়ায় ডেঙ্গুর ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

অন্যদিকে, বাজারসংলগ্ন এলাকায় পৌরসভার বিভিন্ন ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। এসব বর্জ্য জমে সেখানে ময়লার স্তূপ তৈরি হয়েছে। দুর্গন্ধের কারণে ওই পথ দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রতিদিন এ পথে যাতায়াতকারী পথচারী ও রিকশাচালকেরা।

এ সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন এমন এক বৃদ্ধ রিকশাচালক বলেন, “এত দুর্গন্ধের মধ্যে দিয়ে আমাদের প্রতিদিন যেতে হয়। খুব কষ্ট হয়। কিন্তু কিছুই করার নেই। প্রশাসনের পক্ষ থেকেও এখানে কার্যকর কোনো উদ্যোগ নেই।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও ড্রেন সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা বর্জ্য অপসারণে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সমস্যাগুলো দিন দিন আরও প্রকট হচ্ছে।

এ বিষয়ে ডামুড্যা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি অবহিত করার জন্য ধন্যবাদ। সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের সব ইতিবাচক উদ্যোগে আপনাদের সহযোগিতা কামনা করছি।”

জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ভাঙা ড্রেন সংস্কার, পানি নিষ্কাশন স্বাভাবিক করা, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং বাজারসংলগ্ন বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ডামুড্যা বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে।

০%
০%
০%
০%