লক্ষ্মীপুর সদর উপজেলার ৯ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। সুতার গোফটার রাস্তার পশ্চিম পাশে চরমনসা গ্রামে রাকিব মিয়ার ইটভাটার আগে ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল্লাহ নামের এক ব্যক্তির নেতৃত্বে এ বালু উত্তোলন কার্যক্রম চলছে। এ বিষয়ে ড্রেজার মেশিনের মালিক সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জায়গার মালিকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
পরে জায়গার মালিক দাবি করা আব্দুল্লাহর সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমার জায়গা থেকে আমি বালু উত্তোলন করছি, তাতে আপনাদের কী?’ এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং মামলার ভয়ভীতি দেখান বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।
এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষের নির্দেশে ভবানীগঞ্জ ভূমি অফিসের তহশিলদার মো. জসিম উদ্দিন হাওলাদার ঘটনাস্থলে যান। সেখানে তিনি আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেন।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অবাধে বালু উত্তোলন অব্যাহত থাকলে আশপাশের রাস্তাঘাট, ফসলি জমি ও পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাঁরা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।