শরীয়তপুরের গোসাইরহাটে ১৬ সুফলভোগীর মধ্যে বকনা গরু বিতরণ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নদীতীরবর্তী চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ১৬ জন সুফলভোগীর মধ্যে বকনা গরু বিতরণ করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ‘মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীতীরবর্তী চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় উপজেলার কোদালপুর, কুচাইপট্টি ও আলাওলপুর ইউনিয়নের নির্বাচিত সুফলভোগীদের মধ্যে এসব বকনা গরু বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, বকনা গরু লালন-পালনের মাধ্যমে ভবিষ্যতে বংশবৃদ্ধি এবং গবাদিপশুর উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। উৎপাদিত গবাদিপশু বিক্রির মাধ্যমে সুফলভোগীরা আয় করতে পারবেন। এতে তাঁদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে। বিশেষ করে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়িয়ে তাঁদের স্বাবলম্বী করে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পের আওতায় এর আগে সুফলভোগীদের মধ্যে ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। এ ছাড়া গবাদিপশু ও অন্যান্য প্রাণীর ঘর নির্মাণে আর্থিক সহায়তা সরাসরি সুফলভোগীদের বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

বকনা গরু বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু বকর সিদ্দিক, গোসাইরহাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. তুহিন-আল-ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মো. তৌহিদুল ইসলাম।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ প্রকল্পের মাধ্যমে প্রাণিসম্পদ পালনে আগ্রহী পরিবারগুলো আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নদীতীরবর্তী চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ ও নারীর ক্ষমতায়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

০%
০%
০%
০%