স্মৃতি ধরে রাখার ‘সেভ বাটন’ হিসেবে কাজ করে মস্তিষ্কের অ্যামিগডালা: গবেষণা

মানুষ প্রতিদিন অসংখ্য ঘটনা, দৃশ্য ও তথ্যের মুখোমুখি হয়। কিন্তু এর সবকিছু স্মৃতিতে জায়গা পায় না। কিছু ঘটনা দীর্ঘদিন মনে থাকে, আবার অনেক কিছুই অল্প সময়ের মধ্যে ভুলে যায় মানুষ। কেন এমন হয়, স্মৃতি কীভাবে বাছাই করে মস্তিষ্ক—এ নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এবার নতুন এক গবেষণায় স্মৃতি সংরক্ষণের এই প্রক্রিয়ায় মস্তিষ্কের অ্যামিগডালা নামের একটি অংশের গুরুত্বপূর্ণ ভূমিকার ইঙ্গিত পাওয়া গেছে।

গবেষকদের মতে, অ্যামিগডালার নির্দিষ্ট কিছু স্নায়ুকোষ বা নিউরন কোনো তথ্যকে পরবর্তী সময়ে মনে রাখার জন্য চিহ্নিত করতে পারে। অনেকটা কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের জন্য ‘সেভ’ বাটনে চাপ দেওয়ার মতো কাজ করে এসব নিউরন। তবে কীভাবে এই প্রক্রিয়ায় স্মৃতি দীর্ঘস্থায়ী হয়, তার পূর্ণাঙ্গ ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।

২৭ অক্টোবর নেচার নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে মস্তিষ্কের স্মৃতি বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে নতুন ধারণা তুলে ধরা হয়েছে।

গবেষণার সঙ্গে যুক্ত লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী জিয়ায়াং শিয়াও বলেন, মানুষ প্রতিদিন অসংখ্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও তার সামান্য অংশই দীর্ঘস্থায়ী স্মৃতিতে পরিণত হয়। কোন তথ্য মস্তিষ্ক ধরে রাখবে আর কোনটি ভুলে যাবে—এই বাছাইয়ের প্রক্রিয়া বোঝাই গবেষণার অন্যতম লক্ষ্য।

এর আগে স্মৃতি তৈরিতে অ্যামিগডালার ভূমিকা নিয়ে ধারণা থাকলেও মস্তিষ্কের নির্দিষ্ট নিউরনের কার্যকলাপ এত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা কঠিন ছিল। নতুন গবেষণায় সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা।

গবেষণায় মৃগীরোগে আক্রান্ত ৯০ জনের বেশি রোগীর মস্তিষ্কে আগে থেকেই স্থাপন করা বিশেষ ইলেকট্রোডের তথ্য ব্যবহার করা হয়। এসব ইলেকট্রোড সাধারণত খিঁচুনির উৎপত্তিস্থল শনাক্ত করতে ব্যবহৃত হয়। গবেষকেরা সেগুলোর সাহায্যে অ্যামিগডালার পৃথক নিউরনের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাবার, প্রাণীসহ পাঁচটি শ্রেণির দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন বস্তুর ছবি দেখানো হয়। ছবি দেখানোর প্রায় ১০ থেকে ৩০ মিনিট পর তাঁদের আবার সেই ছবিগুলো দেখিয়ে কোনগুলো আগে দেখানো হয়েছিল, তা মনে করতে বলা হয়।

পরীক্ষার ফল বিশ্লেষণ করে গবেষকেরা দেখতে পান, অ্যামিগডালার কিছু নির্দিষ্ট নিউরনের কার্যকলাপের সঙ্গে পরবর্তী সময়ে কোনো ছবি মনে রাখতে পারার সম্পর্ক রয়েছে। অর্থাৎ, ছবি দেখার সময় এসব নিউরনের সাড়া কেমন ছিল, তার ওপর নির্ভর করতে পারে ছবিটি পরে মনে থাকবে কি না।

গবেষকদের ধারণা, স্মৃতি তৈরির ক্ষেত্রে অন্তত দুটি ধাপ কাজ করতে পারে। প্রথমে অ্যামিগডালার নির্দিষ্ট নিউরন কোনো ছবিকে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটি শ্রেণিতে চিহ্নিত করে। এরপর সেই নিউরন ছবিটি দেখার সময় কতটা সক্রিয় হয়েছিল, তা পরবর্তী সময়ে ছবিটি মনে রাখার সম্ভাবনাকে প্রভাবিত করে।

গবেষণাটিতে অংশ না নেওয়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটার জ্ঞানীয় স্নায়ুবিজ্ঞানী কোরি ইনম্যান বলেন, আগের গবেষণাগুলোতে মস্তিষ্কের কার্যকলাপ অনেক বড় পরিসরে পর্যবেক্ষণ করা হতো। ফলে নির্দিষ্ট নিউরনের ভূমিকা আলাদা করে বোঝা কঠিন ছিল। তাঁর মতে, নতুন গবেষণাটি অনেকটা বড় কোনো স্টেডিয়ামের বাইরে থেকে খেলার শব্দ শোনার পরিবর্তে একজন দর্শকের গায়ে মাইক্রোফোন লাগিয়ে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করার মতো। এতে মস্তিষ্কের কার্যকলাপ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়েছে।

সাধারণত অ্যামিগডালাকে ভয়, আগ্রাসন ও আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে বেশি সম্পর্কিত বলে মনে করা হয়। অন্যদিকে স্মৃতি তৈরির ক্ষেত্রে হিপোক্যাম্পাসের ভূমিকা বেশি আলোচিত। তবে নতুন গবেষণায় দেখা গেছে, ছবি মনে রাখার সঙ্গে অ্যামিগডালার নিউরনের কার্যকলাপের সম্পর্ক তুলনামূলকভাবে স্পষ্ট। হিপোক্যাম্পাসের নিউরনের কার্যকলাপের সঙ্গে স্মৃতি মনে করার সম্পর্ক ছিল কিছুটা দুর্বল এবং সামান্য দেরিতে দেখা গেছে।

তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র আধা ঘণ্টার মধ্যে ছবি মনে করতে বলা হয়েছিল। তাই এই ফলাফল দীর্ঘমেয়াদি স্মৃতি তৈরির পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করে না। অ্যামিগডালার নিউরন কীভাবে কোনো তথ্যকে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণের উপযোগী করে তোলে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন।

গবেষক জিয়ায়াং শিয়াওর মতে, ভবিষ্যতে অ্যামিগডালার নির্দিষ্ট নিউরনকে উদ্দীপিত করলে স্মৃতিশক্তির ওপর কী প্রভাব পড়ে, তা পরীক্ষা করা গুরুত্বপূর্ণ হবে। এতে স্মৃতিসংক্রান্ত বিভিন্ন সমস্যার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বিশেষজ্ঞদের আশা, মস্তিষ্ক কীভাবে গুরুত্বপূর্ণ তথ্য বেছে নেয় এবং স্মৃতিতে ধরে রাখে, সে সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া গেলে স্মৃতিবিভ্রাট ও স্মৃতিশক্তি হ্রাসের মতো সমস্যার চিকিৎসায় নতুন পথ খুলতে পারে। তবে সেই পর্যায়ে পৌঁছাতে এখনো অনেক গবেষণা বাকি।

০%
০%
০%
০%