লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাদক ও চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মাদক ব্যবসা, মাদকের আড্ডা, অসামাজিক কার্যকলাপ, অন্যের জমিতে বাড়িঘর নির্মাণের সময় চাঁদা দাবি এবং সরকারি খাসজমি দখলের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, এসব অপরাধের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক সংগঠন জনসচেতনতামূলক কার্যক্রম ও মহড়া পরিচালনা করলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে টহল দেওয়া হলেও অভিযুক্তদের তৎপরতা বন্ধ হয়নি বলে দাবি এলাকাবাসীর।

ওয়ার্ডবাসী সূত্রে জানা যায়, পাইকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রেনু মাঝি বাড়ির মৃত ফজল হকের ছেলে সিরাজ, যিনি পেশায় আনন্দ গাড়ির চালক, এবং জামাল খাঁর ছেলে সবুজের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে এলাকায় মাদক সরবরাহের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ডের কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুবসমাজ মাদকের ঝুঁকিতে পড়ছে।

এ ছাড়া সিরাজ ও একই বাড়ির সাইদুল হকের ছেলে আলমগীরের বিরুদ্ধে এলাকায় বাড়িঘর নির্মাণের সময় চাঁদা দাবি করার অভিযোগ করেছেন স্থানীয়রা। আলমগীর লক্ষ্মীপুর কাকলী স্কুলে শিক্ষকতা করেন বলে জানা গেছে। একই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে তাজুল ইসলামের বিরুদ্ধেও চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলেছেন ওয়ার্ডবাসী।

স্থানীয়দের আরও অভিযোগ, সরকারি খাসসম্পত্তি জবরদখলের ঘটনাও রয়েছে এলাকায়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে রাজি হননি।

এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও চাঁদাবাজি বন্ধ এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সব মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

০%
০%
০%
০%