লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক নির্মাণকাজে বালু পরিবহনের জন্য দিনের বেলায় তিনটি কোম্পানির ১০টি করে মোট ৩০টি ডাম্প ট্রাক চলাচলের অনুমোদন রয়েছে। তবে নির্ধারিত অনুমোদনের বাইরে টাকার বিনিময়ে অতিরিক্ত ডাম্প ট্রাক দিনের বেলায় সড়কে চলাচলের সুযোগ পাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে শহরজুড়ে যানজট, ধুলাবালি ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফোর লেন প্রকল্পে বালু পরিবহনের জন্য বিএনপির নেতা ও সাবেক কমিশনার লোকমানকে প্রশাসনের পক্ষ থেকে দিনের বেলায় ১০টি ডাম্প ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে অভিযোগ উঠেছে, ওই অনুমোদনকে কেন্দ্র করে ২০ হাজার টাকা ভর্তি ফি এবং মাসিক ৩ হাজার টাকা দেওয়ার বিনিময়ে অনুমোদনের বাইরে আরও একাধিক ডাম্প ট্রাক দিনের বেলায় চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে। স্থানীয়দের ভাষায়, এসব ভারী যানবাহন এখন সড়কে ‘মরণযন্ত্র’ হয়ে উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ট্রাকমালিক ও চালক অভিযোগ করেন, নির্ধারিত অর্থ না দিলে দিনের বেলায় গাড়ি চালানোর সুযোগ পাওয়া যায় না। আর টাকা দিলেই চলাচলের ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়। ফলে অনুমোদিত গাড়ির তুলনায় কয়েক গুণ বেশি ডাম্প ট্রাক লক্ষ্মীপুর শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে বলে তাঁদের দাবি।
এদিকে বেপরোয়া গতিতে ডাম্প ট্রাক চলাচলের কারণে পথচারী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের মধ্যে দুর্ঘটনার আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে হচ্ছে। ট্রাক চলাচলের কারণে সৃষ্ট ধুলাবালিতে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ভারী যানবাহনের চাপে সড়কের বিভিন্ন অংশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) এসএম কামরুল হাসান বলেন, অনুমোদন ছাড়া দিনের বেলায় অতিরিক্ত গাড়ি চলাচলের কোনো সুযোগ নেই। গতকাল একটি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আরেকটি গাড়ি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।
তবে অভিযান পরিচালনার পরও কীভাবে অনুমোদনের বাইরে প্রতিদিন অতিরিক্ত ডাম্প ট্রাক শহরের সড়কে চলাচল করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অনুমোদিত যানবাহনের তালিকা যাচাই এবং অতিরিক্ত ট্রাক চলাচলের সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।