চার জেলায় চার লেন মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন সড়ক সচিব

সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমাতে লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালী জেলায় চার লেন মহাসড়কের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছেন।

গত শুক্রবার ও শনিবার (১৩ ও ১৪ নভেম্বর) কুমিল্লা সড়ক জোনের অধীন এসব জেলার মহাসড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সচিব।

পরিদর্শনের অংশ হিসেবে শনিবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি সড়ক, রায়পুর সড়ক ও রামগঞ্জ উপজেলায় চার লেন মহাসড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে দেখেন তিনি। এ সময় নির্মাণকাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি কাজের গতি বাড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।

পরিদর্শনকালে নির্মাণকাজের গুণগত মানে সন্তোষ প্রকাশ করলেও কাজের ধীরগতিতে অসন্তোষ জানান সচিব। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন তিনি।

এ সময় সড়কের আশপাশের স্থানীয় জনজীবনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশনা দেওয়া হয়। পরিদর্শনে দেখা যায়, মহাসড়কের দুই পাশে বিভিন্ন সংযোগ সড়ক, হাটবাজার, ঈদগাহ মাঠ, মাদরাসা, প্রাথমিক ও উচ্চবিদ্যালয় এবং কৃষিজমি রয়েছে। এসব স্থানে যাতায়াতের জন্য স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত হালকা ও ভারী যানবাহন নিয়ে সড়কের এক পাশ থেকে অন্য পাশে যেতে হয়। তাই সড়ক উন্নয়নকাজের সময় স্থানীয় মানুষের যাতায়াত ও চলাচলের বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্বারোপ করেন সচিব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সচিবের একান্ত সচিব ফাহমি মো. সায়েফ, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট চার জেলার নির্বাহী প্রকৌশলী, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারি ও পরামর্শক প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা। পরিদর্শন শেষে শনিবার বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সচিব।

০%
০%
০%
০%