শরীয়তপুরসহ চার জেলায় ২৪ নভেম্বর এইচএসসি পরীক্ষার সরঞ্জাম বিতরণ

শরীয়তপুরে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সাপ্লিমেন্টারি পরীক্ষার মূল ও অতিরিক্ত উত্তরপত্রসহ পরীক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হবে আগামী ২৪ নভেম্বর। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

রোববার (২২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বোর্ডের আওতাধীন সব পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে এ চিঠি পাঠানো হয়।

চিঠি অনুযায়ী, ২৪ নভেম্বর শরীয়তপুর ছাড়াও রাজবাড়ী, গোপালগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার জন্য পরীক্ষার সরঞ্জাম বিতরণ করা হবে। এ ছাড়া ২৫ নভেম্বর মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর এবং ২৬ নভেম্বর ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার সরঞ্জাম বিতরণ করা হবে।

বিতরণ করা সরঞ্জামের মধ্যে রয়েছে মূল উত্তরপত্র, অতিরিক্ত উত্তরপত্র, ব্যবহারিক উত্তরপত্র, এমসিকিউসহ অন্যান্য আনুষঙ্গিক উপকরণ।

বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত দিনে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা কেন্দ্র কমিটির সঙ্গে সংশ্লিষ্ট প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষকের মাধ্যমে এসব সরঞ্জাম সংগ্রহ করতে হবে। কোনো অবস্থাতেই অফিস সহকারী বা অন্য কাউকে এ দায়িত্ব দেওয়া যাবে না।

এ ছাড়া অধ্যক্ষ বা ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেদনে এবং প্রাধিকারপ্রাপ্ত শিক্ষকের অনুমতিপত্রে সংশ্লিষ্ট কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। জেলা পর্যায়ে এ দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ঢাকা শহরে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সরঞ্জাম পরিবহনে বিকল্প যানবাহনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সরঞ্জাম গাড়িতে ওঠানোর জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনো ব্যয় বহন করবে না।

সম্পর্কিত- পরীক্ষা
০%
০%
০%
০%