ঝুঁকিপূর্ণ টিনের ঘরে পাঠদান, নেই শৌচাগারও; চরম দুর্ভোগে রতনপুর মহিলা মাদরাসার ছাত্রীরা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার রতনপুর মহিলা দাখিল মাদরাসায় অবকাঠামোগত সংকট এখন চরমে। জরাজীর্ণ টিনের দোচালা ঘরে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। সামান্য বৃষ্টিতেই চাল দিয়ে পানি পড়ে ভিজে যায় শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক। পর্যাপ্ত বেঞ্চের অভাবে অনেক ছাত্রীকে বসতে হচ্ছে মেঝেতে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি গুরুতর সমস্যা—মাদরাসাটিতে ছাত্রী কিংবা শিক্ষকদের জন্য নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। ফলে শিক্ষা গ্রহণের মৌলিক পরিবেশ ও স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

চন্দ্রগঞ্জ উপজেলার ৮ নম্বর মান্দারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর আহম্মেদ আলী ভূঁইয়া বাড়িসংলগ্ন এলাকায় অবস্থিত এমপিওভুক্ত এই মহিলা দাখিল মাদরাসাটির এমন চিত্র শিক্ষা অবকাঠামোর উন্নয়ন ও নারী শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

স্থানীয়ভাবে জানা যায়, মাদরাসাটিতে শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হচ্ছে টিনের দোচালা ঘর। ঘরের চালের বিভিন্ন অংশ দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করায় সামান্য বৃষ্টিতেই পাঠদানের পরিবেশ নষ্ট হয়ে যায়। শ্রেণিকক্ষে পানি জমে এবং শিক্ষার্থীদের বই-খাতা ও পোশাক ভিজে যায়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। এমন প্রতিকূলতার মধ্যেই নিয়মিত পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের।

শ্রেণিকক্ষের সংকটের পাশাপাশি বসার ব্যবস্থাও অপ্রতুল। শিক্ষার্থীদের অনুপাতে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় অনেক ছাত্রীকে মেঝেতে বসে পাঠ গ্রহণ করতে হয়। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, একটি মহিলা শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেখানে ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার নেই। শিক্ষকদের জন্যও নেই কোনো শৌচাগারের ব্যবস্থা। এতে বিশেষ করে কিশোরী শিক্ষার্থীদের দৈনন্দিন স্বাস্থ্য, ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাভাবিক শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে মাদরাসাটির অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির জরুরি সহযোগিতা কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনেরও হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।

তাঁদের দাবি, শুধু সাময়িক সংস্কার নয়, মাদরাসাটির জন্য দ্রুত একটি স্থায়ী পাকা একাডেমিক ভবন নির্মাণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ সরবরাহ এবং ছাত্রী ও শিক্ষকদের জন্য পৃথক স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ জরুরি। তাঁদের মতে, একটি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং উপযুক্ত শ্রেণিকক্ষ কোনো বিলাসিতা নয়, বরং শিক্ষার্থীদের মৌলিক প্রয়োজন।

সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ না থাকলে এমন প্রতিকূল পরিবেশে পাঠদান অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের প্রত্যাশা, নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যতের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মাদরাসাটির সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে।

০%
০%
০%
০%