শরীয়তপুরের গোসাইরহাটে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনিরুজ্জামান মিরন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার নাগেরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মনিরুজ্জামান মিরন গোসাইরহাট উপজেলার ছোট কাচনা গ্রামের বাসিন্দা। তিনি মো. দলিল উদ্দিন আকনের ছেলে।
গোসাইরহাট থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনিরুজ্জামান মিরনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া জননিরাপত্তা বিঘ্নিত করা এবং সরকার ও রাষ্ট্রের ক্ষতিসাধনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে তাঁকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর উদ্ধার করা আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়।গোসাইরহাট থানা পুলিশ তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।