ডিসেম্বর মাসে বিতর্কিত কেউ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক। এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে হেলিকপ্টারে আখাউড়ার হীরাপুর স্কুল মাঠে অবতরণ করেন তিনি।
সীমান্ত পাহারা বিজিবির দায়িত্ব
বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান প্রতিরোধ, একই সঙ্গে অবৈধ পথে কোনো ব্যক্তি যেন যাতায়াত করতে না পারে, এদিক থেকে ওই দিকে যেতে না পারে, ওই দিক থেকে এদিকে আসতে না পারে—সব মিলিয়ে এটা নিশ্চিত করার দায়িত্ব বিজিবির।
‘তারই অংশ হিসেবে সীমান্তের নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিশেষ করে এই ডিসেম্বর মাসে কোনো ধরনের অবৈধ ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, বিতর্কিত কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে আবার এদিক থেকে কেউ যেতে না পারে। পুশ ইন যেন ঠেকানো যায়, মাদক ঠেকানো যায়, কোনো অস্ত্র–বিস্ফোরক এগুলো যেন না আসতে পারে।’
ফেনী-কুমিল্লা-আখাউড়া সীমান্ত পরিদর্শন
তিনি জানান, ফেনী, কুমিল্লা ও আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করছেন তিনি। সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সরকারের নির্দেশনা পালন করা যায় এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করা যায়। সরেজমিনে দেখতেই আজ সেখানে গেছেন তিনি।
স্থানীয়দের সহযোগিতা চাইলেন মহাপরিচালক
এ সময় স্থানীয়দের সহযোগিতা চেয়ে বিজিবির মহাপরিচালক বলেন, স্থানীয়দের কাছে অনেক তথ্য থাকে। কারও আসা-যাওয়ার তথ্য পেলে তা বিজিবিকে জানাতে অনুরোধ করেন তিনি। বিজিবিকে জানালে সেভাবে ব্যবস্থা নিয়ে তা বন্ধ করা নিশ্চিত করা যাবে বলে জানান তিনি।
‘আপনারা স্থানীয় যারা আছেন, আপনাদের কাছে অনেক তথ্য থাকে। কোনো তথ্য যদি পান কারও আসার বা যাওয়ার, সেটা আমাদেরকে জানাবেন।’
এ সময় বিজিবির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, সরাইল সেক্টর কমান্ডার কর্নেল রাকিব হাসান, ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।