বিজ্ঞাপন
গোপালগঞ্জসহ ছয় জেলায় ৯৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নজরদারি জোরদার করতে মোতায়েনের পাশাপাশি ডগ স্কোয়াড, রায়ট কন্ট্রোল, কে-নাইন ইউনিট, অ্যান্টি ট্যাংক মিসাইল, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, সাঁজোয়া যান, হেলিকপ্টার ও ড্রোনের মতো গুরুত্বপূর্ণ সব যান ও সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যেসব জেলায় মোতায়েন
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ঢাকা ও আশপাশের জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহে ৭ প্লাটুন, বাগেরহাটে ৫ প্লাটুন, কুষ্টিয়ায় ৪ প্লাটুন, খুলনায় ৮ প্লাটুন ও সাতক্ষীরায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে ৩০ ব্যাটালিয়ন বিজিবি সদস্য দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে মোতায়েন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রস্তুত যান ও সরঞ্জাম
দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
পরিস্থিতির প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড, রায়ট কন্ট্রোল, কে-নাইন ইউনিট, অ্যান্টি ট্যাংক মিসাইল, আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার, সাঁজোয়া যান, হেলিকপ্টার ও ড্রোন।
গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে টহল ও নজরদারি জোরদার করেছে।
বিজ্ঞাপন