কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, জীবনদর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কালাই উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব এবং কালাই থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার।

এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, প্রশাসনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

সেমিনারে কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জীবনদর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও চিন্তাধারায় সাম্য, মানবিক মর্যাদা, দেশপ্রেম, অসাম্প্রদায়িকতা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আহ্বান রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর লেখনী নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে।

বক্তারা জাতীয় কবির আদর্শকে শুধু আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সামাজিক জীবনে চর্চার আহ্বান জানান। তাঁদের মতে, মানবপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও দেশাত্মবোধে নজরুলের জীবনদর্শন বর্তমান প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নজরুলের সাহিত্য, দর্শন ও সাংস্কৃতিক চর্চার প্রতি আগ্রহ বাড়বে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

০%
০%
০%
০%