লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যে যথাযথ লেবেলিং না থাকা এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহারের অভিযোগে মধুবন বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেয়াদবিহীন কেমিক্যাল ও বেকারিপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলার উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত মধুবন বেকারিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে খাদ্যপণ্যে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে পণ্য তৈরির প্রমাণ পাওয়া যায়। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা (লক্ষ্মীপুর) সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।