ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লা হত্যার মামলায় আসামি করা হয়েছে ফরিদপুর-৪ আসনে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী রায়হান জামিলকে। বর্তমান সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের (বাবুল) প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে রায়হান জামিল প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং পরে জাতীয় পার্টির সমর্থনে ভোটে দাঁড়িয়েছিলেন। নির্বাচনের পর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। এখন তিনি দলটির চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতির দায়িত্বে আছেন।
কী ঘটেছিল
নিহত রাজু মোল্লার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামে। তিনি ওই গ্রামের আক্কের মোল্লার ছেলে। গত মঙ্গলবার রাতে ভাঙ্গার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মামলায় যাঁদের নাম
ওই ঘটনায় গত শনিবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে। মামলার বাদী নিহত রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা। মামলায় রায়হান জামিলসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া সেতু এলাকায় সড়ক অবরোধ ও চলন্ত যানবাহনে ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আরেকটি মামলা হয়। ওই মামলায় রায়হান জামিলসহ ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে সেখানে।
দুটি মামলার এজাহারে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত।
শনিবার দায়ের করা মামলার বিষয়ে জানতে চাইলে বাদী লিয়াকত মোল্লা জানান, এজাহারে কার কার নাম লেখা হয়েছে, তা তিনি জানেন না। এজাহারটি তিনি দেখেননি। এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য নেই বলে তিনি জানান।
অভিযোগ অস্বীকার রায়হান জামিলের
অভিযোগের বিষয়ে রায়হান জামিল বলেন, দুটি ঘটনার দিনই তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এসব ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
বাবুলের (শহিদুল ইসলাম) বিরোধী পক্ষ যেন এখানে না থাকে, তিনি সেটাই চান। কেউ তাঁর বিরোধিতা করবে না। তিনি নিজের খেয়ালখুশিমতো এগিয়ে যেতে চান। সামনে নির্বাচনেও যেন তাঁর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেটাই তাঁর উদ্দেশ্য। এ কারণেই আমাকে হয়রানি করা হচ্ছে। মামলা দিয়ে আমাকে কারাগারে পাঠাতে চান, যাতে আমি চুপ হয়ে যাই।
যা বললেন সংসদ সদস্য
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন,
সাধুর ছদ্মবেশে থাকা, বারবার ভোল পাল্টানো এই ব্যক্তি (রায়হান জামিল) নিক্সনের (মজিবুর রহমান চৌধুরী) টাকা খেয়ে সন্ত্রাসে মদদ দিচ্ছেন এবং ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন। তাঁর কোনো জনভিত্তি নেই। তাঁকে নিয়ে কোনো মন্তব্য করা আমার সাজে না।