লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পৈতৃক সম্পত্তির ভাগবণ্টন শেষ হওয়ার পরও ছোট ভাইয়ের জবরদখল ও বারবার হামলায় ভিটেমাটি হারানোর শঙ্কা করছেন এক বড় ভাই। স্থানীয় ইউপি পরিষদের কাজ বন্ধের নির্দেশনা ও আদালতে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও গায়ের জোরে চলছে দেয়াল নির্মাণের কাজ। বারবার সালিশ-বৈঠক ভেস্তে যাওয়ায় ও হামলায় আহত হয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী।
সালিশের সিদ্ধান্ত অমান্য ও দফায় দফায় হামলা
ঘটনাটি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ৮ নম্বর মান্দারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের করুজী বাড়ির। স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির প্রয়াত মহসীন মিয়ার দুই ছেলে মাওলানা মো. কামাল উদ্দীন ও জামাল উদ্দীনের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পরিবারের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ইতিপূর্বে সম্পত্তি ভাগবণ্টন সম্পন্ন হলেও অভিযোগ উঠেছে, ছোট ভাই জামাল উদ্দীন জোরপূর্বক বড় ভাইয়ের ভাগের জমি দখল করে রেখেছেন।
ভুক্তভোগী বড় ভাই মাওলানা মো. কামাল উদ্দীনের অভিযোগ, নিজের প্রাপ্য অংশের জমিতে নারকেল ও সুপারি পাড়তে গেলে ছোট ভাই জামাল ও তার অনুসারীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় মান্দারী ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করা হলে চেয়ারম্যানের নির্দেশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখতে বলা হয়। তবে সেই প্রশাসনিক নির্দেশ তোয়াক্কা না করেই জোরপূর্বক কাজ চালিয়ে যাচ্ছেন জামাল উদ্দীন। বাধা দিতে গেলে আবারও কামাল উদ্দীনের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের এই বিরোধ দীর্ঘদিনের। একাধিকবার গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসা করে দেওয়া হলেও ছোট ভাই জামাল তা মানছেন না। আদালতের বিচারাধীন বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো কার্যকরী পদক্ষেপ না থাকায় যেকোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। আইন অনুযায়ী নিজের প্রাপ্য জমি বুঝে পেতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কামাল উদ্দীন।
এদিকে বিরোধপূর্ণ জমি নিয়ে লক্ষ্মীপুর আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জামাল উদ্দীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।