চাঁপাইনবাবগঞ্জে বিজিবির তিন অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় ৫৩ বিজিবির তিনটি পৃথক অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ, চকো ডিএক্স ও মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক পাচার রোধে বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক তিনটি অভিযানে ৩১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর বিকেল থেকে আজ ১৮ নভেম্বর রাত পর্যন্ত জেলার শিবগঞ্জ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির তিনটি বিশেষ টহলদল অভিযানগুলো পরিচালনা করে।

প্রথম অভিযানটি পরিচালিত হয় ১৭ নভেম্বর বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে। মাসুদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করে।

একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে ফতেপুর বিওপির আরেকটি টহলদল শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায়। সেখান থেকে ৫৩ বোতল ভারতীয় চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া আজ ১৮ নভেম্বর রাত ১টার দিকে সদর থানার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায় জহুরপুর বিওপির একটি টহলদল। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। অভিযান শেষে জব্দকৃত সিরাপ ও মদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন এবং যেকোনো ধরনের মাদক ও চোরাচালান দমনে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%