প্রযুক্তি খাতে বড় উদ্যোগ কর্ণাটকের, আন্তর্জাতিক অংশীদারত্বের পাশাপাশি ড্রোন পরীক্ষাকেন্দ্র স্থাপনের ঘোষণা

ভারতের কর্ণাটক রাজ্যকে বৈশ্বিক প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একাধিক নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। আন্তর্জাতিক অংশীদারত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ, জীবপ্রযুক্তি গবেষণা, সাইবার নিরাপত্তা এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেঙ্গালুরুতে তিন দিনব্যাপী ২৯তম বেঙ্গালুরু টেক সামিটের সমাপনী অনুষ্ঠানে এসব উদ্যোগের কথা জানানো হয়।

সরকারি উদ্যোগের অংশ হিসেবে পোল্যান্ডের কাতোভিচ অঞ্চলের আঞ্চলিক বাণিজ্য চেম্বার ও কাতো হাবের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে কর্ণাটক। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কমার্সসিটির সঙ্গেও কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সমঝোতা হয়েছে। এ ছাড়া জার্মানি, জাপান ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে কর্ণাটকের প্রযুক্তি খাতের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে সার্ভাম এআই সহযোগিতা করবে।

প্রযুক্তি শিক্ষায় দক্ষ জনবল তৈরির লক্ষ্যে উত্তর কর্ণাটকে একটি এআই ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সার্ভাম এআইয়ের সঙ্গে অংশীদারত্বে পরিচালিত এ কর্মসূচির আওতায় ২ হাজার শিক্ষার্থীকে উন্নত প্রযুক্তি প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ড্রোন প্রযুক্তির গবেষণা ও পরীক্ষার জন্য চিক্কাবল্লাপুর জেলার জিদারাহল্লি গ্রামে একটি বিশেষ পরীক্ষাকেন্দ্র গড়ে তোলার কাজও শুরু করেছে রাজ্য সরকার। কর্ণাটক ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটি এবং ড্রোন ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে স্থাপিতব্য কেন্দ্রটিতে ড্রোনের উড্ডয়ন পরীক্ষা, অবতরণ, যোগাযোগব্যবস্থা ও প্রযুক্তিগত যাচাইয়ের সুবিধা থাকবে। এতে নতুন উদ্যোক্তা ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া বেঙ্গালুরুতে একটি ক্রীড়া প্রযুক্তি উৎকর্ষকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাগি মিডিয়া ল্যাবসের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গড়ে তোলা এ কেন্দ্রের কার্যক্রমে ক্রীড়া বিশ্লেষণ, খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, আঘাত প্রতিরোধ এবং ক্রীড়া সরঞ্জাম প্রযুক্তির উন্নয়ন গুরুত্ব পাবে।

জীবপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতেও নতুন সহযোগিতার ঘোষণা এসেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্কসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্ণাটক সরকারের এসব উদ্যোগের লক্ষ্য প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ, দক্ষ জনবল তৈরি এবং আন্তর্জাতিক বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানো। রাজ্যটির প্রযুক্তি খাতের অবস্থান আরও শক্তিশালী করতেও এসব কর্মসূচি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

০%
০%
০%
০%