রামগতিতে লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদ, ভেঙে দেওয়া হলো চিমনি ও চুল্লি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্সবিহীন একটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার চর আফজল ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স শাহজালাল নামের একটি লাইসেন্সবিহীন ইটভাটা উচ্ছেদ করা হয়। এ সময় ইটভাটার হাওয়াই চিমনি ও চুল্লি ভেঙে ফেলা হয়। পরে পানি ছিটিয়ে ও বিভিন্ন স্থাপনা ভেঙে ইটভাটাটি সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়, যাতে পুনরায় কার্যক্রম চালু করা সম্ভব না হয়।

অভিযান পরিচালনা করেন রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। এতে বাংলাদেশ পুলিশ, ব্যাটালিয়ন আনসার, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই ইটভাটাটি পরিচালিত হয়ে আসছিল। ইটভাটার কালো ধোঁয়া ও দূষণে আশপাশের পরিবেশ, ফসলি জমি ও জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ইটভাটাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পরিবেশ সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন কোনো ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রামগতির পাশাপাশি লক্ষ্মীপুরের অন্যান্য উপজেলাতেও পর্যায়ক্রমে এ অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নিয়মিত অভিযানের মাধ্যমে জেলাকে অবৈধ ইটভাটামুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।

০%
০%
০%
০%