ঘুষের টাকা ফেরত, ডামুড্যায় আলোচিত ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

ক্যামেরার সামনে ঘুষের টাকা ফেরত দিয়ে আলোচনায় আসা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ নভেম্বর) দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের মৌখিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।

অভিযোগের সূত্রপাত ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসকে ঘিরে। ওই কার্যালয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহর বিরুদ্ধে জমির নামজারির ফাইল আটকে রেখে ঘুষ দাবির অভিযোগ করেন ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন।

অভিযোগকারী জানান, নামজারির আবেদন করার চার মাস পার হলেও কাজ সম্পন্ন হয়নি। পরে এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার আশ্বাসে তাঁর কাছে ১০ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিনি ১০ হাজার টাকা দেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ক্যামেরার সামনে ওই টাকা ফেরত দেন অভিযুক্ত কর্মকর্তা। এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি দুদকের নজরে আসে।

দুদকের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন জানান, কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশনায় বিষয়টি অনুসন্ধানের জন্য তাঁদের কার্যালয়ে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাঁরা সংশ্লিষ্ট ভূমি অফিসের ফাইলের কাগজপত্র সংগ্রহ করেন। পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তা ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আরিফ হোসেন বলেন, “এটার প্রাথমিকভাবে তো মৌখিক সত্যতা পাওয়া গেছে। পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিবেদন দাখিল করব কমিশন বরাবর।”

এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে চক্রান্ত বলে দাবি করেছেন উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা একটা চক্রান্তের শিকার।” কারা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে—এমন প্রশ্নের জবাবে নির্দিষ্ট কারও নাম উল্লেখ না করে তিনি বলেন, “এক্স ওয়াই জেড যে কেউ হোক করছে।”

দুদকের সহকারী পরিচালক জানিয়েছেন, সংগৃহীত কাগজপত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন পর্যালোচনার পর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

০%
০%
০%
০%