বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, জড়িতদের শনাক্তে মাঠে পুলিশ

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের বাঘোপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় পূর্বশত্রুতার জেরে সাইফুল ইসলাম (৫৫) নামের সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে বাঘোপাড়া বন্দর মোড় থেকে বাড়ি ফেরার পথে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম আশোকোলা পূর্বপাড়ার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে এবং তিনি নুনগোলা ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী রাকিব মিয়া জানান, রাতে বন্দর মোড় থেকে বাড়ি ফেরার পথে বাঘোপাড়া ব্রিজের কাছে পৌঁছালে রমজান ও নিঝুম নামের দুই ব্যক্তি পথরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা রামদা দিয়ে সাইফুল ইসলামকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় বাধা দিতে গেলে অন্যদের প্রাণনাশের হুমকি দিলে তারা প্রাণভয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।
নিহতের স্বজনদের অভিযোগ, বিভিন্ন সময় সামাজিক সালিশ ও বিচারকাজে যুক্ত থাকায় পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করাসহ হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশের কর্মকর্তারা জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার ও ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
