চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীকে চাপা দিয়ে হত্যার ঘটনায় ক্রেনচালক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় বেপরোয়া গতির ক্রেনচাপায় নাফিসা নাওয়াল নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় শামীম বিশ্বাস নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর ইপিজেড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বরিশাট এলাকার বাসিন্দা।
গত ২২ আগস্ট সকালে নাফিসা নাওয়াল তার ভাড়া বাসা থেকে পাঠাও মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে বন্দরটিলা নেভি হাসপাতাল গেটের সামনে একটি ভ্যানগাড়িকে সাইড দেওয়ার সময় মোটরসাইকেল থেকে তিনি রাস্তায় ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে এয়ারপোর্ট রোড থেকে সল্টগোলা ক্রসিংগামী বেপরোয়া গতির ক্রেনটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিসাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাফিসা দামপাড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
এ ঘটনায় নিহতের বাবা মামুন বাদী হয়ে ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেছেন। শোকাবহ এ ঘটনায় স্থানীয়রা দোষী চালকের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
