Advertisement

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তোলা টক্সিক সিনেমার আগাম বুকিং আয় ছাড়াল ২৭ কোটি রুপি

সিনেমা জগতের পর্দা কাঁপাতে আসছে দক্ষিণি সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’। মুক্তির আগেই বক্স অফিসে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে চোখ ধাঁধানো সাফল্যের ইঙ্গিত স্পষ্ট। এখন পর্যন্ত অগ্রিম টিকিট বুকিংয়ে সিনেমাটি প্রায় ২৭ কোটি ৩৮ লাখ রুপি আয় করে ফেলেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১২ হাজার ৬০৯টি শোতে ৪ লাখ ৭৩ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে, যা যশ-জাদুর নতুন এক রেকর্ডের আভাস দিচ্ছে। বর্তমান গতির ধারা বজায় থাকলে মুক্তির আগেই ছবিটি ৩০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

সিনেমাটির অগ্রিম আয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কর্ণাটক। সুপারস্টার যশের ঘরের মাঠে ১ হাজার ৭৪৪টি শো থেকে ১০ কোটি ৬৯ লাখ রুপির টিকিট বিক্রি হয়েছে। কন্নড় ও হিন্দি সংস্করণের পাশাপাশি প্রিমিয়াম আইম্যাক্স এবং ফোরডিএক্স স্ক্রিনিং ঘিরেও দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। গুজরাট, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের মতো বড় বাজারগুলোতেও অগ্রিম বুকিংয়ের হার অত্যন্ত সন্তোষজনক।

বিজ্ঞাপন

তবে সাফল্যের এই আলোকচ্ছটার পাশাপাশি ‘টক্সিক’ ঘিরে তৈরি হয়েছে কিছুটা বিতর্ক। সিনেমার ট্রেলার ও গান প্রকাশের পর একশ্রেণির দর্শক সিনেমাটিকে ‘নারীবিদ্বেষী’ বলে সমালোচনা করেছেন। বিশেষ করে টিজার ও ‘তাবাহি’ গানে নারী চরিত্রের উপস্থাপন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। যদিও সিনেমার বিশাল ক্যানভাস এবং যশের গ্যাংস্টার অবতার নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

এই সমালোচনার মুখে দাঁড়িয়ে মুখ খুলেছেন খোদ যশ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্রেলারের খণ্ডিত দৃশ্য দেখে পুরো সিনেমা নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভুল। হায়দরাবাদে সিনেমার প্রাক্‌–মুক্তি অনুষ্ঠানে যশ বলেন, ‘ছবিটির পরিচালক গীতু মোহনদাস নিজেই একজন নারী। এই সিনেমাটি নারীদের সক্ষমতা এবং নিজের শর্তে বেঁচে থাকার অনুপ্রেরণার গল্প বলবে।’ যশ জোর দিয়ে বলেন যে, ট্রেলার যে ধারণা দিয়েছে, বাস্তব সিনেমাটি তার চেয়ে অনেক বেশি গভীর ও নারীবান্ধব।

বিজ্ঞাপন

‘কেজিএফ’–এর আকাশচুম্বী সাফল্যের পর যশ কোন পথে হাঁটবেন, তা নিয়ে ছিল দর্শকদের দীর্ঘদিনের কৌতূহল। গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত ‘টক্সিক’ কেবল একটি অ্যাকশন-থ্রিলার নয়, বরং এটি যশের অভিনয় দক্ষতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ছবিতে যশের বিপরীতে দেখা যাবে কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের মতো একঝাঁক তারকাকে।

আগামী ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু ও মালয়ালম ভাষায় বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ‘টক্সিক’। সব বিতর্ক ছাপিয়ে সিনেমাটি বক্স অফিসে শেষ পর্যন্ত কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় বিনোদন দুনিয়া।

0%
0%
0%
0%