Advertisement

কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণসহ দুই চোরাচালানকারী আটক

কক্সবাজার সদর উপজেলার বিমানবন্দরসংলগ্ন নতুন ফিশারিঘাট এলাকা থেকে ৩১ ভরি স্বর্ণসহ দুই চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

আটককৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঘোনারপাড়ার বেলাল উদ্দিনের ছেলে মো. আজিম এবং মৃত লাল মোহাম্মদের ছেলে মো. ফারুক। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৭৪২ টাকা, ১০ সৌদি রিয়াল এবং সৌদি আরবের তিনটি এটিএম কার্ডও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে এসব স্বর্ণালংকার বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল। সন্দেহভাজন মোটরসাইকেলটিকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন, তবে ধাওয়া করে তাদের আটক করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, অতীতেও তারা একাধিকবার এই চোরাচালান চক্রের সঙ্গে সক্রিয় ছিলেন।

জব্দকৃত স্বর্ণ ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত অন্যান্য সহযোগী ও ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%