উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কৃষক ছানোয়ার হোসেনকে হত্যার দায়ে এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন সলঙ্গা থানার চর বেড়া গ্রামের মানিক হোসেন ওরফে হীরা মানিক, মাহমুদুল হাসান নয়ন, রুবেল মিয়া, শরিফুল ইসলাম, রাবেয়া খাতুন এবং শাহাদত হোসেন। রায় ঘোষণার পরপরই আদালতের নির্দেশে দণ্ডিতদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, চর গোজা গ্রামের কৃষক ছানোয়ার হোসেনের কাছ থেকে বন্ধুত্বের সুবাদে দুই লাখ ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন হীরা মানিক। পাওনা টাকা পরিশোধের জন্য ছানোয়ার চাপ প্রয়োগ করলে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে ২০২০ সালের ৮ জুলাই সন্ধ্যায় মুঠোফোনে কল করে ছানোয়ারকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
ঘটনার চার দিন পর ১২ জুলাই সকালে উল্লাপাড়ার সূর্য নদীতে স্থানীয়রা ছানোয়ার হোসেনের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্ত শেষে ২০২২ সালের ৩০ এপ্রিল পুলিশ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় প্রদান করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
