মিরসরাইয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফজরের নামাজ শেষে প্রাতঃভ্রমণে বেরিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বড় দারোগারহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে এবং ওই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায়ের পর নিয়মিত অভ্যাসবশত আব্দুল খালেক হাঁটতে বের হন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তার পাশে পড়ে যান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্থানীয়রা দোষী গাড়িচালককে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
