কুড়িগ্রামে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে কৃষকদের সার লুট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নে সার না পেয়ে ডিলারের গুদাম ভেঙে সার লুটের ঘটনা ঘটেছে। রোববার সকালে আমন মৌসুমে সারের তীব্র সংকট ও ডিলারদের কারসাজিতে ক্ষুব্ধ কৃষকরা একজোট হয়ে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করেন।
স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলাররা কৃত্রিম সংকট সৃষ্টি করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে খোলা বাজারে সার বিক্রি করছিলেন। শাহ আমানত ট্রেডার্স নামের ওই ডিলার ৩৪০ বস্তা ইউরিয়া সার উত্তোলন করে গুদামে মজুত রাখলেও তা কৃষকদের মাঝে সরবরাহ না করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা গুদামের তালা ভেঙে ১৯০ বস্তা ইউরিয়া সার নিয়ে যান।
খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের অনুরোধ ও তৎপরতায় কৃষকদের কাছ থেকে কিছু সার ফেরত পাওয়া সম্ভব হয়েছে। বাকি সার উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার তথ্যমতে, ওই ইউনিয়নের জন্য ১ হাজার ৩২০ বস্তা সার বরাদ্দ ছিল। এর মধ্যে ৩৪০ বস্তা উত্তোলনের পর তা বিতরণকালে উশৃঙ্খল জনতা গুদাম থেকে ১৯০ বস্তা সার লুট করে নিয়ে যায়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সার বিতরণের কাজ চলছে।
এ ঘটনার পর স্থানীয় জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগের ভিত্তিতে ডিলারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং সার সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
