Advertisement

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, অবরুদ্ধ দুই শিশু জীবিত উদ্ধার

জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে ইসরাত জাহান নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ফ্ল্যাটের ভেতর থেকে দুই শিশুর আর্তচিৎকার শুনে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশুদের জীবিত উদ্ধার এবং তাদের মায়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু ‘পানি পানি’ বলে চিৎকার করছিল এবং গ্রিলের ফাঁক দিয়ে হাত বাড়িয়ে সাহায্য চাইছিল। পরিস্থিতি অস্বাভাবিক ঠেকলে স্থানীয়রা বাড়ির মালিকের উপস্থিতিতে ফ্ল্যাটের তালা ভাঙেন। ভেতর থেকে ১০ বছর বয়সী স্নেহা ও পাঁচ বছর বয়সী মমিন শাহরিয়ারকে উদ্ধার করা হয়। পাশের কক্ষে তাদের মা ইসরাত জাহানের মরদেহ পড়ে ছিল।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া শিশু দুটি ইসরাত জাহানের আগের স্বামী কাউসার আহাম্মেদ শাওনের সন্তান বলে জানা গেছে। নিহত ইসরাত শেরপুরের শ্রীবরদীর মৃত ইসমাইল হোসেনের মেয়ে। জানা যায়, প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন এবং ওই স্বামীকে নিয়ে জামালপুরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। তবে হত্যাকাণ্ডের পর থেকে বর্তমান স্বামীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ফ্ল্যাট থেকে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দাম্পত্য কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। এ ছাড়া পলাতক স্বামীর পরিচয় শনাক্ত ও অবস্থান নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয়রা এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%