Advertisement

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যায় উদ্বেগ প্রকাশ জামায়াত আমিরের দ্রুত বিচারের দাবি

সারাদেশে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, একের পর এক নৃশংস ঘটনা ঘটলেও ভুক্তভোগীরা কাঙ্ক্ষিত বিচার পাচ্ছেন না, যা জনমনে তীব্র হতাশা ও আতঙ্ক তৈরি করছে।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তান প্রিয়ম চক্রবর্তী ও আগামী চক্রবর্তীর মরদেহ উদ্ধারের ঘটনাকে তিনি অত্যন্ত বেদনাদায়ক ও লোমহর্ষক হিসেবে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে উল্লেখ করে তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

সম্প্রতি দেশজুড়ে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির হিড়িক চলছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি উদাহরণ হিসেবে ঢাকার এক চিকিৎসকের কাছে বৈদেশিক মুদ্রা বা ডলারে চাঁদা দাবি ও হামলা এবং ময়মনসিংহে পশুচিকিৎসকের ওপর হামলার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলোর কথা তুলে ধরেন। এসব অপরাধমূলক কর্মকাণ্ড দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিরই প্রতিফলন বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

বর্তমান পরিস্থিতির দায়ভার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

তবে কেবল সরকারের ওপর নির্ভর না থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় এই নেতা। অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে তিনি জানান, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে নাগরিক সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

0%
0%
0%
0%