শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করলো যৌথ টাস্কফোর্স

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, র্যাব ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। বেআইনিভাবে চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য পরিবহনকালে রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়।
বিজিবির ভাষ্যমতে, জব্দকৃত পণ্যের প্রাথমিক আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে উদ্ধার করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ৪৬ বিজিবি কর্তৃপক্ষ। একই সঙ্গে সীমান্তে চোরাচালান রুখতে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সার্বিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
