Advertisement

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা জাহিদ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল নেতা জাহিদ হাসান বুলবুলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটির মহানগর শাখা। শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ দাবি জানান। সভায় মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা দীন ইসলাম অভিযোগ করেন যে, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার কারণেই বুলবুলকে জীবন দিতে হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিরা কোনো প্রভাবশালী মহল বা গডফাদারের ছত্রছায়ায় থাকলে তাদের খুঁটির জোর খুঁজে বের করতে হবে। প্রশাসনকে উদ্দেশ্য করে তারা বলেন, ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে হবে। দ্রুত বিচার নিশ্চিত করা না হলে পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে নারায়ণগঞ্জে হরতালসহ কঠোর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।

বিজ্ঞাপন

মহানগর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদের প্রধান বক্তা হিসেবে উপস্থিতিতে সভায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক আন্দোলন, খেলাফত আন্দোলন, জেলা শিক্ষক ফোরাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সভা শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

উল্লেখ্য, গত ২০ আগস্ট বৃহস্পতিবার রাতে বন্দরে জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সন্ত্রাসী শেখ সিফাত বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে এই নৃশংস হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এ ঘটনায় স্থানীয়রা এবং নিহতের পরিবার জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%