বাগেরহাটে হাঁস নিয়ে বিরোধে বৃদ্ধ নিহত, আহত ৩, আটক ৩

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের উত্তর ভান্ডারখোলা গ্রামে গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে প্রতিপক্ষের হামলায় বেদার মল্লিক নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডে নিহতের স্ত্রী, ছেলে ও পুত্রবধূসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত হয় প্রতিবেশী রেহানা বেগমের একটি হাঁসকে কেন্দ্র করে, যা নিয়ে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হায়দার মল্লিকের পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র ও কাঠের লাঠি নিয়ে অতর্কিতে বেদার মল্লিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে বেদার মল্লিকসহ হালিমা বেগম, কাইয়ুম মল্লিক এবং সুমি বেগম রক্তাক্ত জখম হন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন। বর্তমানে কাইয়ুম মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রমজান, তাঁর স্ত্রী লামিয়া এবং মা ফাতেমাকে আটক করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। বর্তমানে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
