Advertisement

কনকাকাফের বারণ উপেক্ষা করে তরুণ ফুটবল আসরে ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বজুড়ে ফুটবল প্রশাসনে চলমান অস্থিরতা এবং নিজের বিতর্কিত কর্মপরিকল্পনা নিয়ে সমালোচনার মধ্যেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের একটি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে সশরীরে উপস্থিত হয়েছেন। ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানা রিসোর্টে আয়োজিত এই যুব টুর্নামেন্টের ফাঁকে তিনি স্থানীয় ফুটবল ও রাজনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই ছবিও প্রকাশ করেন। তার এই সফর ঘিরে ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

প্রতিবেদন অনুযায়ী, এই টুর্নামেন্টে উপস্থিত না থাকার জন্য ইনফান্তিনোকে অনুরোধ করেছিলেন কনকাকাফ প্রেসিডেন্ট ভিক্টর মন্ট্যাগ্লিয়ানি। ইনফান্তিনো যাতে ফুটবলের প্রযুক্তিগত দিক থেকে মনোযোগ সরিয়ে না ফেলেন, সেই লক্ষ্যে কানাডিয়ান এই কর্মকর্তা মেইল মারফত তাকে এই সফর পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন। মন্ট্যাগ্লিয়ানির মতে, ফিফার বর্তমান শাসন সংকট এবং বিতর্কিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রস্তাবের কারণে ইনফান্তিনোর উপস্থিতি প্রতিযোগিতার মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। তবে এই অনুরোধ উপেক্ষা করেই ফিফা প্রধান ক্যারিবীয় সফরে অংশ নেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, ফিফার ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাণিজ্যিক প্রকল্প ঘিরে সৃষ্ট বিতর্কের জেরে ইনফান্তিনো বর্তমানে প্রবল চাপে রয়েছেন। এই প্রকল্পে ফিফার বাণিজ্যিক কর্মকাণ্ডের একটি অংশ ব্যক্তিগত বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, যা নিয়ে উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাসহ ফিফার শীর্ষ কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সমালোচনার মুখে ১ আগস্ট ইনফান্তিনো এই প্রকল্প থেকে সরে আসেন এবং এর পরপরই ফিফার চিফ অপারেটিং অফিসার কেভিন লামুরকে বরখাস্ত করা হয়।

বিজ্ঞাপন

চলমান এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইনফান্তিনো গণমাধ্যমের মুখোমুখি হতে এড়িয়ে চলছেন। পুন্তা কানায় ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজের সাংবাদিক জেমস ম্যাথিউস তাকে পদত্যাগের বিষয়ে প্রশ্ন করলে তিনি সরাসরি উত্তর না দিয়ে হাস্যরসে তা এড়িয়ে যান। এদিকে আগামী মার্চ মাসে মরক্কোর রাবাতে অনুষ্ঠিতব্য ফিফা নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনো তার চতুর্থ মেয়াদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী ১৮ নভেম্বর প্রার্থী হওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে। বর্তমানে ইনফান্তিনোর সমর্থক হিসেবে পরিচিত ক্যারিবীয় দেশগুলোর ফেডারেশনগুলো তার টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সম্পর্কিত- খবর
0%
0%
0%
0%